সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জামায়াত-ছাত্রশিবিরের চোরাগুপ্তা হামলার নিন্দা জানিয়ে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, জামায়াত ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি।
শনিবার ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউশন বাংলাদেশ-এ জাতীয় পার্টি-জেপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে পাকিস্তানে ফিরে যেতে পেরেছিল। কিন্তু জামায়াত পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে ১২শ’ মাইল দূরে পাকিস্তানে পালিয়ে যেতে পারবে না। তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও আমার বোন শেখ হাসিনা যদি জামায়াতীদের এ ধরনের হামলা প্রতিরোধ না করতে পারেন, তবে আমরা কোমরে গামছা বেঁধে তাদের প্রতিরোধ করবো।’
মহাজোট এবং চারদলীয় জোটের বাইরে থাকতে চান উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি ছাত্রলীগ করেছি কিন্তু কোনও স্বীকৃতি পাই নি। তাই কৃষক-শ্রমিক জনতা পার্টি গঠন করেছি। জনগণের জন্য কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ছোট ছোট দলগুলো এক-দুইটা সিট পেলেই একটি দলের সাথে জোট গঠন করে। তারা এই দুই জোটের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের রাজনীতি এমন হওয়া উচিত না।’
জেপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধি পাঠানোর প্রশংসা করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৯ ফেব্রুয়ারি এই একই জায়গায় কৃষক-শ্রমিক জনতা পার্টির বার্ষিক সম্মেলন হবে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে, আমার দলের কাউকে সম্মেলনে দাওয়াত দিতে পারবো না কিন্তু সরকারি প্রতিনিধি চাই। কারণ আমার দলও নির্বাচন কমিশনে নিবন্ধিত। আর যদি সরকার প্রতিনিধি না পাঠায় তবে এই গামছা কোথায় কোথায় ব্যবহার করতে হয় তা আমাদের জানা আছে।’
তিনি জামায়াতকে লক্ষ্য করে বলেন, ‘আপনারা যদি নিজেদের পতন চান তবে রাজনীতি ছেড়ে অস্ত্র নিয়ে মাঠে নামেন। দেখা যাবে কে কার ওপর হামলা করতে পারে।’


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন