দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের চেয়ে ২৬১ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
খুলনা টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে হারিয়ে ১০৮ রান। সাকিব আল হাসান ৩২ ও নাসির হোসেন ১২ রানে অপরাজিত আছেন।
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ফিদেল অ্যাডওয়ার্ডসের শিকারে পরিণত হন নাজিমউদ্দিন (০)। নবম ওভারে বল করতে এসে দুটি উইকেট তুলে নেন টিনো বেস্ট। নিজের প্রথম বলেই তামিম ইকবালকে বোল্ড করেন (২৮) ক্যারিবীয় এই পেসার। তিন বল পর একইভাবে ফেরান নাঈম ইসলামকে (২)। দলীয় ৬২ রানে শাহরিয়ার নাফীসকেও ফেরান বেস্ট (২১)। মুশফিকুর রহিমকে (১০) বোল্ড করেন ভিরাসামি পেরমল।
প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ৩৮৭ রানের জবাবে ৯ উইকেটে ৬৪৮ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ইনিংসটা হয়তো আরও বড় হতে পারতো। না হওয়ার কারণ, সাকিব আল হাসান। আজ ক্যারিবীয়দের পতন ঘটনা পাঁচ উইকেটের প্রথম চারটিই তুলে নেন তিনি। বাকি উইকেটটি নেন সোহাগ গাজী।
৪ উইকেটে ৫৬৪ রান নিয়ে টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ব্যক্তিগত ১০৯ রানে অপরাজিত থাকা শিবনারায়ণ চন্দরপলকে আউট করা সম্ভব হয়নি। ইনিংস ঘোষণার সময় ১৫০ রানে অপরাজিত থাকেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের কারিগর মারলন স্যামুয়েলস। ৪৫৫ বলে ২৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ড্যারেন ব্রাভো করেন ১২৭ রান।
ক্যারিবীয়দের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ৩৭ রানে প্রথম উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রুবেল হোসেনের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কাইরন পাওয়েল (১৩)। দলীয় সংগ্রহে আর ছয় রান যোগ হতে বিদায়ঘণ্টা বাজে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের (২৫)। তবে তৃতীয় উইকেটে স্যামুয়েলস-ব্রাভোর ৩২৬ রানে জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন