৪৮ পাউন্ডের চারটি কেক কেটে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
সোমবার রাত ১২টা ০১ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলের আলাদা আলাদা কেক কাটেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় নেতা-কর্মীরা করতালির মাধ্যমে ‘শুভ, শুভ জন্মদিন, তারেক রহমানের শুভ দিন’ শ্লোগান দেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৯৬৪ সালের ২০ নভেম্বর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জন্ম গ্রহণ করেন।
চিকিৎসার জন্য তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এক ডজন দুর্নীতির মামলা রয়েছে।
২০০৭ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সস্ত্রীক লন্ডনেই আছেন।
তারেকের জন্মদিন উদযাপনে মঙ্গলবার বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে, তারেকের জন্মস্থান বগুড়ায় মঙ্গলবার বিএনপির উদ্যোগে জনসভা, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকালে শিশু-কিশোরদের মাঝে খালেদা জিয়ার পুরস্কার বিতরণের কথা রয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন