পুলিশের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈন উদ্দিনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে দায়ের করা হয়েছে দুটি মামলা।
জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, সোমবার দুপুরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টায় শহরের হাজীগঞ্জ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা মাঈন উদ্দিনকে।
এছাড়া সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি থেকে জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক জুবায়েদ এবং রূপগঞ্জের মুড়াপাড়া থেকে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুড়াপাড়া কলেজের শিক্ষক মোহাম্মদ আলী খানসহ মোট ৪৮ জনকে আটক করেছে জেলা পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাতে দুটি মামলা করেছেন।
পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোেেগর মামলায় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি নাসিরুল্লাহসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
আর সরকারী কাজে বাধা, পুলিশের ওপর হামলা, মারধরের অভিযোগে জামায়াতের জেলা আমির মাওলানা মাঈন উদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে দ্বিতীয় মামলাটি।
পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এসময় তারা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী গাড়ি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।
পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন