জাতীয় সংসদের আসন সীমানা পুননির্ধারণ সংলাপে অংশ নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ঈদের আগেই আমন্ত্রণপত্র পৌঁছে দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন সহকারী সচিব বলেন, “সীমানা নির্ধারণ বিষয়ে ঈদের পরই এ সংলাপ বসবে। হাতে খুব বেশি সময় নেই। তাই ঈদের আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়ার চিন্তা করছে কমিশন।”
তিনি আরো বলেন, “ইতিমধ্যে বিষয়টি নিয়ে কমিশনের আলোচনা হয়েছে। হাতে খুব বেশি সময় নেই। আমন্ত্রণপত্র প্রস্তুত হলে তা দলগুলো দায়িত্ববান ব্যক্তিদের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।”
তবে সবগুলো দলের কাছে আমন্ত্রণপত্র ঈদের আগে পৌঁছে দেয়া সম্ভব না হতে পারে। এমনটি হলে ঈদের ছুটি শেষে বাকিদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
ইসি সূত্র জানায়, সবগুলো দলের সঙ্গে কমিশন একদিনই বৈঠকে বসবে। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায় নেয়া কমিশনের মতো দলগুলোর সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবে না কমিশন।
বর্তমানে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৮টি। তবে প্রতিটি দল থেকে কতজন করে সংলাপে অংশ নেয়ার জন্য ইসি আমন্ত্রণ জানাবেন তা এখনো জানা যায়নি।
এদিকে রোববার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, জাতীয় সংসদের আসন সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে ঈদের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। এ লক্ষে কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে।
তিনি বলেন, “এ সংলাপে কোনো একক দল নয়, সব দলই কমিশনের কাছে সমান গুরুত্ব পাবে। আমরা সবাইকে আন্তরিকতার সঙ্গে সংলাপে ডাকব। রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করে আশা করছি তাতে তারা সাড়া দেবে।”
তিনি আরো বলেন, “ঈদের পরপরই আমরা জাতীয় সংসদের আসন সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে রাজনৈতিক সবগুলো দলের সঙ্গে বসব। এখানে আমরা কোনো মতামত দেব না। অংশগ্রহণকারীদের মতামত শুনব। দলগুলোর মতামত গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।”
উল্লেখ্য, একই বিষয়ে কমিশন এর আগে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গেও বৈঠক করেছেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন