প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আন্দোলনকারী শিক্ষকেরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষক নেতাদের (তাঁদের) জানানো হয়েছে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছেন। আগামী রোববার কিংবা সোমবার এই বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়েই তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের ওপর ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এতে ২০-২৫ জন শিক্ষক আহত হন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় ঘেরাওয়ের জন্য প্রেসক্লাবের সামনে থেকে এগোতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে দিয়ে যেতে চাইলে পুলিশ কাঁটাতারের বাধা সৃষ্টি করে তাঁদের আটকায়। একপর্যায়ে শিক্ষকেরা এই বাধা ভেঙে এগোতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২০-২৫ জন শিক্ষক আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। শিক্ষকেরা এখন প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন।
এ ঘটনায় প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পাঁচ দফা দাবিতে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা গত সোমবার থেকে বিক্ষোভ করছেন। ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীর নেতৃত্বে গতকাল বুধবার পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শিক্ষকেরা পাঁচ দফা দাবি উল্লেখ করেন। এগুলো হচ্ছে: চলতি অর্থবছরে স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, স্বীকৃতির সময়কাল থেকে চাকরির বয়স গণনা করা, এমপিওর ক্ষেত্রে সাংসদের ডিও লেটার দেওয়ার প্রয়োজন বিলুপ্ত করা, এমপিও প্রদানে অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা এবং স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি শেষ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়া।div dir="ltr" style="text-align: left;" trbidi="on">


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন