হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করল বাংলাদেশ। জয়ের জন্য ১৯২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেন মুশফিকরা। মাঠ ছাড়তে হয় ৫৯ রানের হার নিয়ে। সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রধান দুই ভরসার নাম তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু আজ হতাশ করেছেন এ দুজনই। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এক ওভার পরে বাংলাদেশ শিবিরে আবার আঘাত হানেন কাইল মিলস। আউট করেন ১১ রান করা সাকিব আল হাসানকে। নিজের পরের ওভারে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকেও সাজঘরমুখী করেছেন এই ডানহাতি পেসার। ২১ রান করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে টিম সাউদির শিকার হয়ে ফিরে যেতে হয়েছে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল্লাহ ও নাসির হোসেন। ১৫তম ওভারে নাথান ম্যাককালাম যখন এই জুটি ভাঙেন তখন বাংলাদেশের স্কোর বোর্ডে জমা হয়েছিল ৮৭ রান। ১৫ রান করে ফিরেছেন মাহমুদুল্লাহ। এ পর্যায়ে জয় তো দূরের কথা, ম্যাককালামের করা ১২৩ রান পর্যন্তও বাংলাদেশ যেতে পারবে কি না, সেই সংশয়ে ছিলেন সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত যে স্কোরটা ১৩২ রান পর্যন্ত গেছে, সে জন্য পুরো কৃতিত্ব দিতে হবে নাসির হোসেনকে। চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ৩৯ বলে ৫০ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জিয়াউর রহমান। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন কাইল মিলস ও টিম সাউদি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন