চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রেণিকক্ষে সাংবাদিক পিটিয়েছেন। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শ্রেণিকক্ষে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মীরা এ সময় সাংবাদিকদের হত্যার হুমকি দেয় এবং শ্রেণিকক্ষে উপস্থিত ছাত্রীদের অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের খাবারের মান নিয়ে প্রতিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনীম হাসান। এ সংবাদ প্রকাশের জের ধরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’-এর সদস্য ও একাধিক মামলার আসামি রুবেল দে-এর নেতৃত্বে ২০-২৫ ছাত্রলীগ কর্মীরা তাঁকে শ্রেণিকক্ষে খুঁজতে থাকে। ছাত্রলীগ কর্মীরা তাঁকে না পেয়ে তাঁর সহপাঠী ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুজিবুল করিমকে মারধর করে। তিনি ক্যাম্পাসভিত্তিক অনলাইন পত্রিকা সিইউনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
এদিকে শ্রেণিকক্ষে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে কাল রোববার ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক সমিতি। একই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে লিখিত অভিযোগ জমা দিয়েছে হামলার শিকার শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌলা বলেন, শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, হামলাকারী রুবেলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
এ ব্যাপারে রুবেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম না।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন