লন্ডনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ব্যক্তিগত জীবন নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও তাকে গ্রেফতারের দাবিতে এটিএন বাংলার সামনে সমাবেশ করছেন সাংবাদিকরা। সমাবেশ থেকে আবারও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ‘প্রকৃত হত্যাকারীদের’ বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
রোববার বেলা ১১টায় কাওরানবাজারস্থ এটিএন বাংলার সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ডাকে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে’র অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজে’র অপর অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
শাবান মাহমুদ তার বক্তৃতায় বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড মামলায় খুনীদের ধরতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম। এছাড়া সাংবাদিকদের দাবি দাওয়া পূরণে ব্যর্থ হওয়ার কারণে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়েছিলাম। সরকার আমাদের সে ডাকে সাড়া দিয়েছে। এজন্য সরকারকে অভিনন্দন জানাই।তিনি আরও বলেন, আমরা এটিএন বাংলার সামনে সমবেত হয়েছি, তার একটাই কারণ মাহফুজুর রহমানের কাছে সাগর রুনি হত্যাকাণ্ডের সকল তথ্য প্রমাণ রয়েছে। সেগুলো প্রকাশ যেনো করা হয়। হত্যাকারীদের বাঁচাতে একটি মহল হীন চেষ্টায় লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার ছাড়াও বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে চাকরিচ্যুত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ, কর্মক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।ওই দিনের সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘‘১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে আমরা অবস্থান নেবো। কোনো বাধা আমরা মানবো না। প্রয়োজনে দেশের সব সাংবাদিককে এটিএনের সামনে জড়ো করা হবে। নির্লজ্জ মাহফুজুর রহমানের উচিত, সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার করে ক্ষমা চাওয়া।’’ প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ফ্ল্যাটে নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মেহেরুন রুনি। কিন্তু আজ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জোড়া খুনের কোনো কিনারা করতে পারেনি। সর্বশেষ এই মামলার আলামত ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র পাঠানো হয়েছে। সাংবাদিক নেতারা ডিএনএ পরীক্ষার ফলাফল ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন