৪ উইকেটে ৫২৭ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের চমকে দিয়ে সেই রান ছাড়িয়ে গেছে বাংলাদেশ।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৫৪০ রান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ১৩ রানের । নাসির হোসেন ৮৪ ও শাহাদাত ৯ রানে অপরাজিত আছেন।
আজ শুক্রবার সাত বছর আগে গড়া নিজেদের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। এত দিন টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৮৮ রান। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিল রেকর্ডটি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের তৃতীয় দিনে আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ।
আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ আজ ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফেরেন। দলীয় ৪৮৯ রানে মাহমুদউল্লাহ-নাসিরের ১২১ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। একই ওভারে নারাইনের বলে বোল্ড হন অভিষেক টেস্ট খেলা সোহাগ গাজী (৪)। ৪ উইকেটে ৪৫৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ।
জুনায়েদ সিদ্দিকী (৭) ছাড়া বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের সব ব্যাটসম্যানই এ টেস্টে ভালো খেলেছেন। গতকাল নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা পান নাঈম ইসলাম (১০৮)। সাকিব আল হাসান সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারেননি। আউট হন ব্যক্তিগত ৮৯ রানে। এ ছাড়া তামিম ইকবাল ৭২, মুশফিকুর রহিম ৪৩ ও শাহরিয়ার নাফীস ৩১ রান করেন।
এর আগে ৪ উইকেটে ৫২৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনজন সেঞ্চুরি করেন। দলের হয়ে সর্বোচ্চ ২০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শিবনারায়ণ চন্দরপল। ১২৬ রানে অপরাজিত থাকেন দিনেশ রামদিন। এ ছাড়া কাইরন পাওয়েল করেন ১১৭ রান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন