রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মশিউর রহমান রাঙ্গাকে দলীয় সমর্থন দেয়ার ২৩ দিনের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
এরশাদ বলেন, “আমি মনে করি শুধুমাত্র একটি মেয়র পদের জন্য দলের স্বার্থ বিসর্জন দেয়া যায় না। আমার কাছে ব্যক্তির চেয়ে দল বড়। রংপুরবাসীর প্রত্যাশা অনুসারে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি তথা আমার সমর্থিত কোনো প্রার্থী আমি রাখছি না।”
রাঙ্গাকে মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
গত ৬ নভেম্বর এই সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য রাঙ্গাকে সমর্থন দেন এরশাদ। যদিও এর আগে দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল কোনো প্রার্থীকেই সমর্থন দেয়া হবে না।
এরশাদ বলেন, রংপুরবাসীর প্রত্যাশা ছিলো এই নির্বাচনে মেয়র পদে আমার সমর্থনে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তিন জন প্রার্থী আমার সমর্থন নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পার্টি চেয়ারম্যান হিসাবে আমি একজনকে সমর্থন দিতে পারি।
“আব্দুর রউফ মানিক এবং মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মেয়র পদে প্রার্থী না হতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার নির্দেশ অমান্য করেছেন। তৃতীয় প্রার্থী রাঙ্গাকে মেয়র পদে সমর্থন দিয়েছিলাম।”
তিন প্রার্থীকে ঢাকায় ডেকে এক্যবদ্ধভাবে নির্বাচন করার অনুরোধ জানানো হলেও দুই প্রার্থী তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এ অবস্থায় দলীয় সিদ্ধান্ত না মানায় মানিক ও মোস্তফাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি রাঙ্গাকে মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
গত ১ জুলাই রংপুরকে দেশের দশম সিটি করপোরেশন হিসাবে ঘোষণা করা হয়। আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন