ইসলাম ধর্মানুসারীদের পবিত্র আশুরাকে সামনে রেখে সম্প্রদায়গত সংঘাতের আশঙ্কায় পাকিস্তানের প্রধান প্রধান শহরে মোবাইল ফোনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচি ও পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার বিশেষ বিশেষ এলাকায় মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বলে বিবিসি জানিয়েছে।
হামলাকারীরা মোবাইল ফোনের মাধ্যমেই ৯০ শতাংশ বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, “মোবাইল ফোনের সিম ব্যবহার করেই ৯০ শতাংশ বোমা হামলা চালানো হয়। গত ১৫ দিনে চালানো সব বোমা হামলায়ই মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে।”
লক্ষ্যস্থলের কাছে পৌঁছুতে ব্যবহার করা হতে পারে আশঙ্কায় কিছু কিছু এলাকায় মোটরসাইকেলে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান জুড়ে সংখ্যালঘু শিয়া মুসলিমদের ওপর কট্টরপন্থী সুন্নি মুসলিমদের হামলা বেড়ে গেছে।
চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে শিয়াদের ওপর চলানো এক ভয়াবহ হামলায় ২৩ জন নিহত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আশুরার দিন আরো কয়েকটি এলাকার মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশুরার দিন পাকিস্তানজুড়ে শিয়াদের মিছিলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, এছাড়া নিরাপত্তার জন্য আকাশপথেও নজরদারী করা হবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন