শুধু ঈদ কার্ড বিনিময় করে শুভেচ্ছা নয় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে একে অপরের বাড়ি গিয়ে সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করার আহবান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে দুইনেত্রীর মানসিক পরিবর্তন দরকার। শুধু কার্ড বিনিময় করলে হবে না। আমরা চাই তারা একে অপরের বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন । এখনো সময় আছে, আশা করি সেটা হবে।’’
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং সার্ক ক্যালচারাল সোসাইটি আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি : আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান দুর্নীতির প্রসঙ্গে রফিক উল হক বলেন, ‘‘দেশে চিংড়ি থেকে শুরু করে পদ্মা সেতু সকল ক্ষেত্রেই দুর্নীতি। দেশের সব জায়গায়ই দুর্নীতি। দুই নেত্রী একত্রে বসে দেশের এ সংকট দূর করা উচিত। উপমহাদেশ সেকুলার কিন্তু বাংলাদেশ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেকুলার।’’
ব্যারিস্টার রফিক-উল হক আরো বলেন, ‘‘ডেসটিনি-হলমার্ক নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু ডেসটিনির ব্যাপারে বলবো। যারা ডেসটিনির শেয়ার কিনেছে তারা কতবড় বেকুব। ঢাকার পল্টনে বসে একলাখ টাকা দিলাম। আর ডেসটিনি বললো রাঙামাটিতে একলাখ গাছ দিলাম। কতবড় বেকুব হলে এটা বিশ্বাস করা যায়।’’
রামুর তদন্ত প্রসঙ্গে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘‘রামুতে বিএনপি-আওয়ামী লীগ দুই রাজনৈতিক দল গিয়ে তদন্ত করেছে। বার সমিতি থেকেও অনেকে গেছেন। কিন্তু এখন আর এটা নিয়ে কিছু শোনা যাচ্ছে না সব কিছু ঠাণ্ডা হয়ে গেছে।’’


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন