সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার ভোরে
যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ১৩ জন নিহত
হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও মহাসড়ক
অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ছয়টার দিকে গ্রামীণ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। দক্ষিণ সুরমার দারোগা বাড়ির বাঁক এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আহত ২৭ জন যাত্রীকে উদ্ধার করে। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাস ও মাইক্রোবাস দুটিই দ্রুতগতিতে চলছিল। বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া সাতটা থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। সকাল সোয়া নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে। এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আইয়ূব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাইক্রোবাসের চালক মারা গেছেন। তবে বাসের চালক পলাতক।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন