যেকোনো মূল্যে শনিবার পল্টন ময়দানে মহাসমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মাওলানা মহিউদ্দীন খান।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ইসলামী ও সমমনা ১২ দল আয়োজিত ‘সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, মহানবীর সা. অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বন্ধ, কুরআন-সুন্নাহবিরোধী নারীনীতি সংশোধন, ধর্মহীন শিক্ষানীতি সংশোধন, আলেম-উলামাদের ওপর নির্যাতন বন্ধের’ দাবিতে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন খান বলেন, “আমাদেরকে এখনো পল্টন ময়দানে অনুমতি দেয়া হয়নি। সরকারের সহযোগিতার পরিবর্তে যদি কোনো বাধা আসে তাহলে লাগাতার হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।”
সরকারের ভূমিকার ব্যাপারে সমালোচনা করে মাওলানা খান বলেন, “একের পর এক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরোদ্ধে যে অন্যায় আচরণ করা হচ্ছে তাতে আমাদের ভয় হয় বড় কোনো মহাযুদ্ধ শুরু হয়ে যায় কিনা। আমরা আমাদের সব শক্তি বিনিয়োগ করে আন্দোলন করবো। তাতে যদি কিছু প্রাণ যায়, সেটা দিতে আমরা প্রস্তুত আছি।”
তিনি বলেন, “এরই মধ্যে ইসলামবিদ্বেষী মহল এ সমাবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে দিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দীন রব্বানী, সদস্য সচিব জাফরুল্লাহ খান, উলামা মাশায়েখ পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ যাইনুল আবেদীন, যুগ্ম-সচিব মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, জয়েন সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. আবু ইউসুফ খান ও মাওলানা আবুল কাসেম গাজী।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন