রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আহত হওয়ার ঘটনার জের ধরে ক্ষুব্ধ ছাত্ররা আজ সোমবার সাতমসজিদ রোড অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছেন।
এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়াধাওয়ি চলে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হলেও তীব্র যানজট রয়েছে।
আহত ওই ছাত্রের নাম শাওকাতুল আলম (১৮)। তিনি আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র। তাঁকে জাপান-বংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সেলিনা পারভীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আহত ছাত্রের সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই ছাত্র এখন আশঙ্কামুক্ত। কিন্তু ছাত্রটি মারা গেছেন—এমন গুজবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুর টু ধূপখোলাগামী ১৩ নম্বর বাসের ধাক্কায় ওই ছাত্র গুরুতর আহত হন। কিন্তু ওই ছাত্র মারা গেছেন—এমন গুজবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে আসেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সংঘর্ষ বেধে যায়। পুলিশ এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। দুই ঘণ্টা ধরে বিছিন্নভাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংর্ঘষ ও ধাওয়াধাওয়ি চলে। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওই রোডের আশপাশে থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী এবং রাস্তায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁর দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। ভয়ে আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন