আইডিয়া চুরির দায়ে এবার আইনের মুখোমুখি হতে যাচ্ছে অনলাইনে সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক ফেসবুক। ফেসবুক’র প্রোফাইল ডিজাইন ‘টাইমলাইন’ নতুন কোনো উদ্ভাবন নয় বলে দাবি করেছে চীনের ওয়েব কোম্পানি কিউবিক নেটওয়ার্ক।
প্রতিষ্ঠানটির দাবি, ২০০৮ সালে এই ‘টাইমলাইন’ বৈশিষ্ট্য ব্যবহার করেছে তারা। আর তাই ২০১১ সালে ফেসবুক তাদের প্রোফাইল ডিজাইনে এটি যুক্ত করলেও আদতে এটা অনলাইন দুনিয়ায় ‘একেবারেই নতুন’ বলাটা নেহায়েত মিথ্যাচার। আর আইডিয়া চুরি করে এ ধরনের মিথ্যাচারের জবাবে ফেসবুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কিউবিক নেটওয়ার্ক প্রতিষ্ঠাতা জিওন ওয়ানলি।
তিনি জানান, ফেসবুক’র বিরুদ্ধে ইতিমধ্যেই সম্ভাব্য পেটেন্ট ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ২০০৮ সালে জিওন ওয়ানলি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘টাইমলাইন’র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। আর ওই আলোচনায় আমেরিকান ইউনিভার্সিটি অ্যালামনাই’র পেক্ষ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ উপস্থিত ছিলেন।
ধারণা করা হচ্ছে, আলোচনা শোনার পর থেকেই এই আইডিয়া নিয়ে কাজ শুরু করেন জুকারবার্গ। ২০১১ সালে ফেসবুকের বার্ষিক ডেভেলপারদের সম্মেলন এফ৮-এ টাইমলাইনের ঘোষণা দেয়া হয়।
এ সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছিলেন, অনেক মানুষ প্রতিদিন তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ফেসবুকে শেয়ার করে থাকেন যা সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইল পাতা থেকে আড়ালে চলে যায়। সারা বছর কাজ করে ফেসবুক এই নতুন টাইমলাইন চালু করেছে যাকে তারা বলছে নিজের জীবনের গল্প বলার একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আর এই ‘সম্পূর্ণ নতুন’ কথাটি নিয়ে সবচেয়ে বড় আপত্তি চীনা প্রতিষ্ঠান কিউবিক নেটওয়ার্কের।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন