যুক্তরাজ্যের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের সংসারে সন্তান আসছে। ডাক্তারি পরীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন কেট।
সোমবার যুবরাজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “মহামান্য ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে, ডাচেস অব ক্যামব্রিজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।”
রাণী এলিজাবেথ এবং তার পরিবার এই সংবাদে অত্যন্ত আনন্দিত বলেও বিবৃতিতে যোগ করা হয়।
গত বছরের এপ্রিলে যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটন বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
ডাচেসের জীবনীকার ক্লডিয়া জোসেফ রয়টার্সকে জানান, “এটা ছিল শুধু সময়ের ব্যাপার। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কেট সন্তান ধারণ করেছেন বলে ঘোষণা দেবেন।”
যুবরাজ দম্পতির এক মুখপাত্র বলেন, ৩০ বছর বয়সী কেট লন্ডনের কেন্দ্রে অবস্থিত সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। আর তখনই বিষয়টি ধরা পড়ে।
ইউনিভার্সিটি অব ব্রিস্টলের প্রসূতিবিদ্যা বিষয়ক অধ্যাপক টিম ড্রেকট বলেন, সন্তান ধারণের প্রথম সপ্তাহগুলোতে যে ধরনের উপসর্গ নারীর মাঝে দেখা যায়, কেটের মাঝেও তারই লক্ষণ স্পষ্ট হয়েছে। তার অবস্থা স্বাভাবিক।
তিনি আরো জানান, কেটের অসুস্থতার ধরনে মনে হচ্ছে রাজ পরিবারে সম্ভবত যমজ সন্তানের আবির্ভাব ঘটতে যাচ্ছে। এ কারণে জন্মের সময় ওই দুই সন্তার ওজন কিছুটা কম হতে পারে।
কেট অসুস্থ হয়ে হাসপাতালে থাকাকালীন যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর পাইলট যুবরাজ উইলিয়াম তার পাশেই ছিলেন।
তবে ঠিক কবে রাজ পরিবারে সন্তানের আবির্ভাব ঘটতে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে যুবরাজের মুখপাত্র জানিয়েছেন, তিনি ১২ সপ্তাহেরও কম সময় ধরে গর্ভবতী।
রাজ পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনার সংবাদে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন