হজ পালন শেষে হাজিদের দেশে ফেরা শেষ হয়েছে। তবে হাজিদের মধ্যে এক হাজার ৩৯৭ জন এখনো দেশে ফেরেননি।
ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিমানের ১৩৩টি এবং অন্য দু’টি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে মোট এক লাখ আট হাজার ৯০ জন হাজি দেশে ফিরেছেন।
গত ২৫ অক্টোবর হজ পালন শেষে ১ নভেম্বর থেকে হাজিদের নিয়ে বিমানসহ তিনটি সংস্থার ফিরতি ফ্লাইট শুরু হয়। বিমান ছাড়া সৌদি এয়ারলাইন্স ও ন্যাশনাল এয়ার সার্ভিসেস (নাস এয়ার) হাজিদের ফিরিয়ে আনতে ফিরতি ফ্লাইট পরিচালনা করে।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ নয় হাজার ৬৬০ জন হজ পালনে সৌদি আরব যান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন মাত্র দুই হাজার ৯৮০ জন। বাকিরা গেছেন ৩৫৩টি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে।
এ পর্যন্ত দেশে ফেরেননি এক হাজার ৫৭০ জন। এরমধ্যে হজ পালন করতে গিয়ে দেশে ফিরে আসার শেষদিন পর্যন্ত মারা গেছেন ১৭৩ জন। এদের মধ্যে সাতজন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৬৬ জন বেসরকারি ব্যবস্থাপনা হজে যান।
মৃতদের হিসাব বাদ দিলে এক হাজার ৩৯৭ জন হজযাত্রী এখনো দেশে ফেরেননি।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (হাব) মহাসচিব এমএ রশিদ শাহ সম্রাট বলেছেন, “নির্ধারিত ফিরতি ফ্লাইটে এখনো যারা দেশে ফেরেননি, তাদের মধ্যে বয়স্কসহ অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকে হজ পালন শেষে নিকটাত্মীয়দের কাছে বেড়াতে গেছেন।”
এ ছাড়া তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত অনেকেই এখনো দেশে ফেরেননি বলে জানিয়ে তিনি বলেন, “মহররম মাসের শেষদিন (আগামী ১৮ ডিসেম্বর) পর্যন্ত তাদের ফেরার সুযোগ রয়েছে।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন