বন্দরনগরী চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে পিকেটাররা কয়েকটি যান ভাংচুর করেছে।
হরতালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার বেলা এগারটা পর্যন্ত পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল থেকেই শিবিরকর্মীরা নগরীর চাক্তাই নতুন ব্রিজ, চকবাজার, নাসিরাবাদ হাউজিং, মাঝিরঘাট, বন্দর এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে।
কোতয়ালী জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান জানান, সকালে নতুন ব্রিজ এলাকায় শিবিরকর্মীরা দুটি অটোরিকশা ভাংচুর করে। এসময় এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
এছাড়া হরতাল সমর্থকরা আরো কয়েকটি স্থানে যানবাহন ভাংচুর করে। খুলশী থানার ওসির গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়।
নগরীর পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে দশটার দিকে নাসিরাবাদ হাউজিং এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পালিয়ে যাবার সময় দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
নগরীর মাঝিরঘাটে সকাল সাড়ে দশটার দিকে হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টাকালে দুই শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল।
এছাড়া সকালে চট্টগ্রাম বন্দর সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা করে শিবিরকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সকালে নগরীতে রিকশা, সিএনজি অটোরিকশা ছাড়া ভারি যানবাহন চলতে দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ছেড়ে গেছে।
সকালে যানবাহন না থাকায় অফিসমুখী লোকজনকে দুর্ভোগে পড়তে হয়।
ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি অন্যান্যদিনের তুলনায় কম রয়েছে। চট্টগ্রাম বন্দরেও পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন