নয়াপল্টনের সমাবেশস্থল থেকে: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে ১৮দলীয় জোটের সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এর মধ্যে হিট স্ট্রোক করেছেন ঢাকা কেরানীগঞ্জ থানা কৃষকদলের সভাপতি হাজী খোকন। পরে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সমাবেশে আসা মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সব ধরনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন ডা. রিদিওয়ানুল শাহিদী। ড. শাহিদীর নেতৃত্বেই এ সেবা দেওয়া হচ্ছে।
তিনি জানান, আগতদের মধ্যে মাথা ব্যাথার জন্যই বেশি লোকজন আসছে। তাদের সেবা দেওয়ার জন্য নাপা অ্যান্টাসিড, স্যালাইনসহ প্রাথমিক সেবাদানে প্রয়োজনীয় সব ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে।
মাথা ব্যাথার পাশাপাশি গ্যাস্ট্রিকের জন্য অ্যান্টাসিডের চাহিদাও উল্লেখযোগ্য বলে জানান উপস্থিত ডাক্তাররা।
তারা জানান, যে ধরনের প্রস্তুতি রাখা হয়েছে তাতে হাজার লোকের বেশি মানুষকে আমরা সেবা দিতে পারব।
মিরপুর থেকে আসা নাজিমুদ্দিন জানান, এ ধরনের সুবিধা থাকায় অনেক সমস্যার সমাধান হবে। আর যাই হোক কেউ অসুস্থ হলে প্রাথমিক সেবাতো দেওয়া যাবে।
উপস্থিত এক ডাক্তার জানান সমাবেশ শেষের দিকে অসুস্থের সংখ্যা আরো বাড়তে পারে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে। দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।
ঢাকার আশপাশের এলাকা ছাড়াও নোয়াখালী, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে পশ্চিম দিকে কাকরাইল মসজিদ মোড়, পূর্ব দিকে নটর ডেম কলেজ এবং দক্ষিণে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
সমাবেশে বেলা সোয়া তিনটার দিকে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে সমাবেশের নিরাপত্তায় মঞ্চের চারপাশে দুই স্তরের পুলিশ বেষ্টনির পাশাপাশি পুরো নয়া পল্টন সড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বিভিন্ন উুঁচু ভবনের ছাদে বসানো হয়েছে পুলিশি পাহারা।
মঞ্চের চারপাশে আধা কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরাও।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন