নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাত দিন অবস্থানের পরও সংজ্ঞা ফেরেনি দুর্বৃত্তের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের।
মস্তিস্কে আঘাতসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হওয়া তাকিমকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
গত ২১ নভেম্বর রাতে রাবির খালেদা জিয়া হলের সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন তাকিম। তাকে হাতুড়ি পেটার পাশাপাশি হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়।
পরদিন তাকিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। গত বৃহস্পতিবার থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে তার বড় ভাই ওয়ালিউর রহমান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।”
অর্থাভাবের কথা জানিয়ে ওয়ালিউর বলেন, গত এক সপ্তাহে তাকিমের চিকিৎসার পেছনে সংসারের তিন ভাগ অর্থই খরচ হয়ে গেছে।
হাসপাতালে থাকা ছাত্রলীগ নেতা শাহনুর ইসলাম শাকিল বলেন, “তাকিমের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত।
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাইরে পাঠাতে না পারলে হয়ত সারা জীবনের জন্য তাকিমকে হারাতে হবে।”
রাবি ছাত্রলীগের সহসভাপতি তাকিমের ওপর হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে তার সংগঠন। ইসলামী ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলাও করেছেন রাবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শাহনুর।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন