নয়া পল্টনের ১৮ দলের জনসভায় সকাল থেকেই জড়ো হয়ে যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তার জামায়াতে ইসলামী নেতাদের মুক্তি দাবি করেছে ইসলামী ছাত্র শিবির।
বুধবার সকালেই নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর ২টায় জনসভার কার্যক্রম শুরু হবে।
সকাল ৮টার দিকে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা নাইটেঙ্গলের কাছে অবস্থান নেয়। তারা সুশৃঙ্খলভাবে পল্টনে পশ্চিম পাশে সড়কের ওপর বসে পড়ে।
জনসভা প্রাঙ্গনে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবি সম্বলিত পাঁচটি বেলুন উড়িয়েছে তারা। বেলুনে লেখা লেখা আছে, “অধ্যাপক গোলাম আজম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাঈদী, আবদুস সুবহান, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীর মুক্তি চাই।”
ফকিরেরপুল থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নেতাদের মুক্তি চেয়ে তাদের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী, আবদুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ছবি সম্বলিত কয়েক হাজার পোস্টার হাতে নেতা-কর্মীরা একটু পরপরই শ্লোগান দিচ্ছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাঈদী, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মীর কাশেম আলীর বিচার কার্যক্রম চলছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন