সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে সংগীত শিল্পী পারভেজ বলেছিলেন অভিনেত্রী সীমানার সঙ্গে তার ভালো সর্ম্পক রয়েছে। আর এ কথার সুত্র ধরে পানি বেশ ঘোলাই হয়েছে। সীমানা নাকি পারভেজের সঙ্গে প্রেম করছেন। তারা বিয়ে করছেন শিগগিরই এ ধরনের নানা কথা ছড়াতে থাকে চারদিকে। কয়েকটি সংবাদ মাধ্যমেও খবর ছাপা হয়।
কিন্তু কথায় আছে যার বিয়ে তার খবর নেই। সীমানার সঙ্গে কথা বলে তারই প্রমাণ পাওয়া গেল। তিনি বলেন ‘আমি শুনেছি বিভিন্ন পত্র পত্রিকায় এ বিষয়ে নিউজ হয়েছে। কিন্তু কি অবাক কান্ড যারা নিউজ করেছেন তারা একটি বারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না। এটা কোন ধরনের সাংবাদিকতা। পারভেজ আমার গুড ফ্রেন্ড। এর চেয়ে বেশি কিছু না।’
তাহলে কি আপনি বলতে চান এ সংগীত শিল্পীর সঙ্গে আপনার প্রেম নেই? উত্তরে সীমানা বলেন ‘দেখুন প্রেম অনেক গভীর বিষয়। চট করেই কারো সঙ্গে প্রেম হয়ে যায় না। আর এ ধরনের কোন কিছু ভাবছি না আমি। পারভেজের সঙ্গে আমার প্রেম নেই। সে আমার ভালো বন্ধু। এখন বন্ধু অনেকেই হতে পারে। প্রেমিক তো সবাই হতে পারে না। আমি যদি প্রেম করি বা বিয়ে করি সেটা সকলকে জানিয়েই করবো। বিয়ে নিয়ে এখন ভাবছি না। আরো বছর দুয়েক যাক তারপর দেখা যাবে’।
এ বিষয়ে আমরা যোগাযোগ করি সংগীত শিল্পী পারভেজের সঙ্গে। তিনি বলেন ‘আমাদের মধ্যে ভালো সর্ম্পক আছে। আমি তাকে পছন্দ করি। কিন্তু বিয়ে প্রেম এসব বিষয়ে লুকোচুরি করার কোন ইচ্ছে আমার নেই। আমার মনে হয় বিষয়টা নিয়ে এক ধরনের ভুলবোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।’
বিয়ে নিয়ে না ভাবলেও সীমানা এখন তার এমবিএ নিয়ে ভাবছেন। তাই তো তিনি নাটকের শুটিংও কমিয়ে দিচ্ছেন। ডেইলি সোপ ‘অগ্নিপথ’ এবং ‘গুলশান এভিনিউ’ ছাড়া নতুন আর কোন ধারাবাহিকের শুটিং করছেন না তিনি। তবে মাঝে মধ্যে একক নাটক বা টেলিছবির শুটিং করছেন এ অভিনেত্রী।
তিনি বলেন ‘মাসের বিশ দিন আমাকে দুটি ডেইলি সোপ এর শুটিং করতে হয়। আর যে দশ দিন থাকে তার মধ্যে পাঁচ দিন নিজের জন্য রাখতে হয়। আর পাঁচ দিনে কিছু একক নাটকের শুটিং করি। আর আমি এমবিএ করবো। তার জন্যও প্রস্তুতি নিচ্ছি।’


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন