চোট কাটিয়ে দলে ফিরেছেন শেন ওয়াটসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
ওয়াটসন ফেরায় বাদ পড়েছেন প্রথম দুই টেস্টে ব্যর্থ রব কুইনি। এই সিরিজে ৩ ইনিংসে মাত্র ৯ রান করেছেন তিনি। এর মধ্যে সোমবার শেষ হওয়া অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চোট কাটিয়ে অনেক দিন পর দলে ফিরেছেন মিচেল জনসনও। তাই ওয়াটসন ছাড়াই অস্ট্রেলিয়ার এই দলে ৫ জন পেসার।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক জানান, বেন হিলফেনহস ও পিটার সিডলের চোট নিয়ে শঙ্কা থাকাই ৫ জন পেসার রাখার কারণ।
তিনি বলেন, “গত দুই সপ্তাহে হিলফি (হিলফেনহস) আর সিডকে (সিডল) অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথম দুই টেস্টেই তারা অনেক বল করেছে। তাই পার্থ টেস্টের জন্য আমাদের উচিত ছিল তাদের বিকল্প রাখা এবং ওরা সমস্যা কাটিয়ে উঠতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা।”
পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, রিকি পন্টিং, মাইক হাসি, ম্যাথু ওয়েড, পিটার সিডল, বেন হিলফেনহস, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, জন হেস্টিংস, জশ হ্যাজেলউড ও মিচেল জনসন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন