রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মতপার্থক্য দূর করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপে বসার পক্ষেও মত দিয়েছে তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ মত প্রকাশ করা হয়। তবে বিকেলে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ‘যারা জঙ্গিবাদ সমর্থন করে, যারা মানুষ হত্যা করে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।’
গতকাল তাঁর দপ্তরে একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা ডাকাত, যারা মানুষ হত্যা করে, যারা অকারণে মানুষকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না, তাদের সঙ্গে কিসের সংলাপ? আগে দমন করি, তারপর অন্য কথা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের আইনমন্ত্রীকে অকারণে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি, তাদের সঙ্গে কিসের সংলাপ? খুনিদের সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না।’
সাম্প্রতিক সহিংসতার কথা বলা হলেও মার্কিন দূতাবাসের বিবৃতিতে জামায়াত বা ছাত্রশিবিরের নাম উল্লেখ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁর প্রতিক্রিয়ায় কোনো সংগঠনের নাম বলেননি। তবে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে পুলিশের ওপর জামায়াত-শিবিরের অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে মার্কিন দূতাবাস এ বিবৃতি দিয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঢাকা ও অন্যান্য জেলায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় মার্কিন দূতাবাস উদ্বিগ্ন। এ সহিংসতার ফলে যারা আহত ও ব্যক্তিগতভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের প্রতি রয়েছে আমাদের সহমর্মিতা।’ এতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদে জড়িত হওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার; সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যেকোনো মতপার্থক্য দূর করার সবচেয়ে ভালো উপায়।’


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন