বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে খুলনা রয়েল বেঙ্গলসে সাকিব আল হাসানের সতীর্থ ছিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের দৃঢ় বিশ্বাস, প্রথম দুই ওয়ানডেতে সাকিবের অনুপস্থিতি তাদের বাড়তি সুবিধা দেবে।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিনি বলেন, “সাকিব না খেললে আমরা বাড়তি সুবিধা পাব। বোলিং-ব্যাটিং দুটোতেই সাকিব অতুলনীয়। তার মতো অলরাউন্ডারের অনুপস্থিতি বাংলাদেশের ওপরে চাপ ফেলবেই।”
“তবে বাংলাদেশের ওয়ানডে দলটি দারুণ। টেস্টের চেয়ে ওয়ানডেতে তারা অনেক বেশি বিপজ্জনক। আমরা ভালো মতোই জানি, জয়ের জন্য অনেক লড়াই করতে হবে,” যোগ করেন রাসেল।
ওয়েস্ট ইন্ডিজ দলে এখনো নিয়মিত হতে পারেননি রাসেল। এবারের বাংলাদেশ সফরে দলে স্থায়ী হওয়ার পথে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।
রাসেল বলেন, “আমি মূলত বোলার। তবে মাঝে-মধ্যে ব্যাটসম্যানের দায়িত্বও পালন করি। যে কোনো পজিশনেই আমি ব্যাট করতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেতে অনেক লড়াই করতে হয়। প্রতিযোগিতা থাকা অবশ্য সব দলের জন্যই ভালো।”
“আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। টেস্টের মতো ওয়ানডে সিরিজ জয়ও আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন