চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটো ওয়ানডেতে খেলতে পারবেন না সাকিব আল হাসান। ওয়ানডের সেরা অলরাউন্ডারের বিকল্প হিসেবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় প্রধান নির্বাচক আকরাম খান।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আকরাম বলেন, “সাকিবের বিকল্প খুঁজে পাওয়া ভীষণ কঠিন। কয়েক বছর ধরে সে একাই দুজনের সার্ভিস দিয়ে যাচ্ছে। তার মানের ক্রিকেটার খুব কম দলে আছে। তার অভাব সব সময়ই অনুভূত হবে।”
প্রথম দুই ওয়ানডেতে সাকিবের পরিবর্তে কাকে নেয়া হবে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি আকরাম। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, “আমরা এ ব্যাপারে অধিনায়কের (মুশফিকুর রহিম) সঙ্গে আলোচনা করব। কাল (বুধবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ আছে। সেটা দেখে নেই।”
মিরপুরে শেষ তিন ওয়ানডেতে সাকিবের খেলার সম্ভাবনা সম্পর্কে আকরাম বলেন, “তার ফিটনেস সম্পর্কে ফিজিও বিভব সিং সবচেয়ে ভালো বলতে পারবেন। শতভাগ ফিট না হলে তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। আপাতত খুলনার দুই ম্যাচের জন্য তার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।”
মঙ্গলবার এক প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে জাতীয় দলের ৫ উইকেটের হার প্রসঙ্গে তিনি বলেন, “মার্চের এশিয়া কাপের পর জাতীয় দল এই প্রথম ওয়ানডে খেলেছে। তবে ১১ মাস পর খেললেও টেস্ট সিরিজে ভালোই খেলেছে জাতীয় দল। আর সেটাই ওয়ানডে সিরিজেও ভালো খেলার স্বপ্ন দেখাচ্ছে।”


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন