ধর্ষণের পর হত্যার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দায়ের একটি মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া এই তিন আসামি হলেন- সুজন, আজিদ ওরফে আজিজুল, মিন্টু ওরফে কালু।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খবির উদ্দিন ভূঁইয়া। আর সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।
খবির উদ্দিন বলেন, আলমডাঙ্গা থানার জোরগাছা হাজিরপাড়া গ্রামের বাসিন্দা কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগম ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর খুন হন। হত্যার আগে তাদের দুজনকে ধর্ষণ করা হয় বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের পর মৃত্যু নিশ্চিত করতে জবাই করা হয় ওই দুই নারীকে।
নিহত কমেলা খাতুনের মেয়ে নারগিছ বেগম খুনের পরদিন আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুজন, আজিদ ও মিন্টুকে মৃত্যুদণ্ড দেয়।
রায়ের পর নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডের অনুমতির জন্য মামলাটি হাই কোর্টে আসে। তিন আসামিও হাই কোর্টে জেল আপিল করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ওই মামলায় তিন জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন