রাজধানীর উত্তরার আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স ও আবাসিক ভবনে
ভয়াবহ আগুন লেগেছে। এতে ওই ভবনে অনেকেই আটকা পড়েছেন। ১৬ তলা ভবনটির ৬তলা
পর্যন্ত মার্কেট, এবং উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে।
ওই ভবনে বসবাসকারীরা ছাদে আশ্রয় নিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ল্যাডার দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে টাওয়ারের ৩ তলায় আগুন লাগে।
আগুন লাগার পরপরই তা ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বাংলানিউজকে জানায়, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পরপরই আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত সেখানে ৫টি টিম পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।
উত্তরা পশ্চিম থানার এসআই বেলাল উদ্দিন তরফদার জানান, ভবনের নিচতলা থেকে আগুন সূত্রপাত হয়।
আগুনের শিখা দেখা না গেলেও ভবনের কয়েকটি ফ্লোর থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে দমকলের একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও জানান তিনি।
দমকল বাহিনী স্কাই লিফট ও স্নোরকল পদ্ধতি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও তা নিয়ে ভবনের ১৬ তলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একজন সাংবাদিক।
কথা হয় ভবনের লিফট ম্যান সাঈদুল ইসলামের সঙ্গে। সাইদুল জানান, ভবনের নীচতলায় একটি জেনারেটর বিষ্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এবং তা দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে।
সাইদুল আরও জানান, ভবনের বেসমেন্টে পার্ক করা বেশ কয়েকটি গাড়ির মধ্যে অন্তত তিনটি পুড়ে গেছে।
এরই মধ্যে ঘটনাস্থলে রেডক্রিসেন্টের কর্মীরা হাজির হয়েছেন। তারাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
পুলিশ ও ৠাবের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
উত্তরা জোনের ডিসি নিসারুল আরিফ, ৠাব-১ এর অধিনায়ক রাশিদুল আলমসহ উর্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন