![]() |
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘এরশাদ সরকারের সময় শিল্পী পটুয়া কামরুল একটি কার্টুন এঁকে নাম দিয়েছিলেন “বিশ্ববেহায়া”। আজ প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, আওয়ামী লীগ দেখলেই বলবেন, “তুই চোর”। এই লজ্জা ঢাকার জন্য দায় নিয়ে পদত্যাগ করুন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির উল্লেখ করে বলেন, ‘আবুল হোসেন ও মসিউর রহমানকে বিশ্বব্যাংক ১০ মাস আগে পদত্যাগ করতে বলেছে। একজন করলেও আরেকজন করেননি। মসিউর রহমান ছুটে গেছেন ভারতে প্রভুদের কাছে। যখন বোঝা গেল বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে না, তখন বললেন, তিনি পদত্যাগ করবেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করছে। আমরা জানি দুদকের তদন্তে কী হবে। সুরঞ্জিত সেনগুপ্তের রেল কেলেঙ্কারির ঘটনার মতো ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য নাটকের মহড়া দেওয়া হচ্ছে।’ তিনি দাবি করেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনার সঙ্গে সরকার ও সোনালী ব্যাংকের উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত। তাই শুধু কয়েক কর্মকর্তার বিচার নয়, গোটা সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই সরকার নতুন নয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংকের মালিকদের নাম দেখেই বোঝা যায়, তারা কিভাবে দুর্নীতি করেছে। মাত্র দুই বছরে রাতারাতি দুর্নীতি করে একেকটি ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকার জামানত জোগাড় করেছে।’
বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ১৮ দলীয় জোটের নেতারা সমাবেশে বক্তব্য দেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন