স্বাস্থ্য বিভাগ যে পদ্ধতিতে রোগ ছড়ানো নিয়ে গবেষণা করে, ঠিক একই পদ্ধতি ব্যবহার করে ১৯৮২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের নিউআর্ক শহরের খুনের ঘটনা নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণার ফলাফলে জানা গেছে, সংক্রামক রোগের মতোই ছড়ায় খুনের ঘটনা। খবর লাইভ সায়েন্স ডটকম-এর।
গবেষণায় জানানো হয়, অন্যান্য মহামারির মতোই প্রতিবেশীদের মধ্যে ছড়ায় হত্যাকাণ্ডের মতো ঘটনা। অভিবাসীসমৃদ্ধ জনগোষ্ঠী এজন্য ঝুঁকির মধ্যে থাকে। এতে দরিদ্র প্রতিবেশীরাও ক্ষতিগ্রস্ত হয়।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্রিমিনাল জাস্টিস গবেষক এপ্রিল জিওলি বলেন, মানুষ সহিংসতা, অপরাধ এবং খুনের ঘটনা নিয়ে কথা বলে। তাদের মতে সহিংসতার জবাব হচ্ছে সহিংসতা। আর একারণেই সংক্রামণ ব্যাধির মতো করে বাড়ে খুনের ঘটনা। লাইভ সায়েন্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
জিওলি আরো জানান, ব্যক্তিগত প্রতিরক্ষার জন্যেও মানুষ খুনের মতো ঘটনা ঘটায়। আশপাশে খুনের মতো ঘটনার পর মানুষ নিজস্ব বন্দুক সংগ্রহ করে, যার ফলাফল সাধারণত ভালো হয় না। ২৬ বছরের এ গবেষণা থেকে জানানো হয়, রোগের মতোই যুক্তরাষ্ট্রের এ অঞ্চলের খুনের ঘটনা ক্রমেই বাড়ছে এবং তা জাতীয় গড়ের তুলনায় ৩.৫ থেকে ৫ ভাগ বেশি।
গবেষকরা জানান, ছোঁয়াচে রোগের মতোই একজনের খুনের ঘটনা দেখে অন্যজন খুন করতে উদ্বুদ্ধ হচ্ছেন। প্রথমে নিউআর্ক শহরের মধ্য অঞ্চলে এধরনের খুনের ঘটনা বেশি থাকলেও পরে অন্য অঞ্চলগুলোর তুলনায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এ ধরণের ঘটনা বেড়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন