নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রধান বাড়ি এলাকায় রোববার দিনগত রাতে এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন।
ডাকাতরা সোনার গহনা, নগদ টাকাসহ প্রায় ২১ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে যায়।
ব্যবসায়ী জহির উদ্দিন প্রধান বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে রূপসী প্রধান বাড়ি এলাকায় তার বোনের বাড়িতে ৮/১০ জনের মুখোশধারী একদল ডাকাত বাড়ির কেচি গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ।
পরে আলমারিতে থাকা সাড়ে ৩৭ ভড়ি সোনার গহনা, নগদ ২ লাখ টাকাসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে ডাকাতরা তার ভাগিনা প্রিয়ম ও বোন রেহেনা আক্তারকে পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জহির উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। লুট হওয়া মালপত্র উদ্ধার ও ডাকাত গ্রেফতারের চেষ্টা চলছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন