অনুমতি না নেয়ায় সোমবার রাজধানীতে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সোমবার ঢাকায় সমাবেশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী এখনো কোনো অনুমতি নেয়নি। তাই তাদের এ সমাবেশ হবে বেআইনি। বেআইনি সমাবেশ আমরা হতে দেব না।”
ঢাকা মহানগর জামায়াত ইসলামী সোমবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতের শীর্ষ নেতাসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি, সরকারের দুঃশাসন ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে কেন্দ্রীয় পরিষদ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি দিয়েছে দলটি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে জামায়াতের শীর্ষ আট নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মহানগরীর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মহানগরীতে কোনো সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়।
“আমার জানামতে এখনো অনুমতি নেয়ার জন্য আবেদন করা হয়নি। তাই এই সমাবেশ এখন পর্যন্ত বেআইনি। বেআইনি কোনো সমাবেশ ঢাকা মহানগরী কিংবা দেশের কোন স্থানে হতে দেয়া হবে না”, বলেন তিনি।
সম্প্রতি জামায়াতের এক নেতার বক্তব্যের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জীবননাশের যে ‘হুমকি’ দেয়া হচ্ছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
“কারো জীবননাশের হুমকি দেয়া ফৌজদারী অপরাধ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।”
বুধবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকারের যে সিঁড়ি দিয়ে ক্ষমতায় এসেছেন, তা সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
ওই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আমরা এসব অর্বাচীনদের সাবধান করে দিচ্ছি, তারা প্রধানমন্ত্রী কেন, কোনো বাংলাদেশি নাগরিকের জীবননাশের হুমকি যেন না দেয়। আমরা হুমকিতে ভীত নই। সব নাগরিকের জীবন ও সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ নেব।”
চোরাচালান প্রতিরোধ কমিটির সভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চোরাচালান বন্ধে নেয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করে সভায় ‘প্রতিরোধ কার্যক্রম’ আরো জোরদার করার উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন