আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফেরত আনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি সত্য ঘটনাটিকে চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার রাতে মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “মিজা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোকের অর্থ ফেরত আনা প্রসঙ্গে যে কথা বলেছেন, সেটা সম্পূর্ণ অসত্য। নিজের চামড়া বাঁচানোর জন্য এখন এইসব কথা বলছেন তিনি।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শুক্রবার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ছেলের পাচার করা অর্থ ফেরত আনার যে কথা দুর্নীতি দমন কমিশন বলেছে, তা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন জানায়, কোকোর পাচার করা ১৩ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয়েছে। এই অর্থ পাচারের জন্য আদালতের রায়ে তার ছয় বছরের কারাদণ্ড হয়।
শাজাহান খান বলেন, “তারা যে মানি লন্ডারিং করেছে এটা তো বিদেশেও প্রমাণিত। এফবিআই মানি লন্ডারিংয়ের তদন্ত করেছে।
“অসত্য যারা বলে, মিথ্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম; সত্যকে তারা মিথ্যা বলেই প্রমাণ করার চেষ্টা করে।”
রাতে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে আবৃত্তি সংগঠন উদ্ভাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। উৎসবে আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহি, মাসকুর-এ-সাত্তার কল্লোল অংশ নেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন