
বুধবার থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে স্টেডিয়ামটির। শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক টেস্টকে নিয়ে ভীষণ রোমাঞ্চিত খুলনার ঘরের ছেলে রুবেল হোসেন।
জাতীয় ক্রিকেট লিগের নিয়মিত খেলা হয় বলে স্টেডিয়ামটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অপরিচিত নয়। এবারের জাতীয় লিগে খুলনার প্রথম দুটি ম্যাচ এই মাঠেই খেলেছেন রুবেল।
এই ডানহাতি পেসারের ধারণা, মিরপুরের মতো খুলনার পিচও ব্যাটিং সহায়ক হবে। সোমবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে এ প্রসঙ্গে তিনি বলেন, “খুলনার পিচ ব্যাটিং সহায়ক। জাতীয় লিগে এখানে প্রচুর রান হয়েছে। টেস্টেও তা হবে বলেই মনে হচ্ছে।”
“আমাদের দলে ব্যাটসম্যানের সংখ্যা বেশি। তাই ব্যাটিং সহায়ক পিচ হলেই আমাদের সুবিধা হয়। অবশ্য বোলিং সহায়ক পিচ হলে আমরা বোলাররা খুশি হবো,” যোগ করেন তিনি।
খুলনার অভিষেক টেস্টে কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে রুবেল বলেন, “খুলনার জন্য এটা অনেক বড় ব্যাপার। তবে হোম গ্রাউন্ড বলে আমি কোনো চাপ অনুভব করছি না। আমি আমার সেরাটাই দেয়ার চেষ্টা করবো।”
প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ভালো খেলতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “ঐ হার নিয়ে আমরা কথা বলেছি। কোচ এখন আমাদের সঙ্গে দ্বিতীয় টেস্ট নিয়ে আলোচনা করছেন। তিনি আমাদের বলেছেন এখন কী করা উচিৎ আর প্রথম টেস্টে কোথায়-কোথায় ভুল হয়েছে।”
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন