
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি কোনো ধরনের আলোচনায় বসবে না। কারণ এ কমিশনের গঠন প্রক্রিয়াই ছিল অনৈতিক। যে কারণে শুরু থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছি।”
শনিবার দুপুরে চীন সফর শেষে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মওদুদ এ কথা জানান।
মওদুদ বলেন, “আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করার দায়িত্ব সরকারের। ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।”
সরকার জনগণের দাবি অবজ্ঞা করে তাদের অনুগত কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলেও অভিযোগ করেন মওদুদ।
তিনি আরো বলেন, ‘‘সরকার ইচ্ছেমতো তাদের অনুগত লোক দিয়ে এ নির্বাচন কমিশন গঠন করেছে। তাই জনগণ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মেনে নেবে না।’’
চীন সফর শেষে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়া।
এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন