সারা দেশে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
রামুতে বৌদ্ধমন্দির ও জানমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ নির্দেশ দেন।
একই সঙ্গে সারা দেশে ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর বৌদ্ধবিহার ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ১৭ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বরের ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস। রাষ্ট্রপক্ষে ছিলেন আলামিন সরকার।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন