দুদকের দায়ের পৃথক দুটি অর্থপাচার মামলায় জামিন পেলেন ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদ। রোববার আজাদের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুর রহমান এ জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাতে দুর্নীতি মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক ম্যাক আজাদকে গ্রেফতার করে পুলিশ।
দুদক ও পুলিশের যৌথ অভিযানে পল্টন এলাকায় নিজ বাসা আজাদকে গ্রেফতার করা হয়।
ম্যাক আজাদ ছাড়া বাকী ২১ আসামিই জামিনে রয়েছেন। কিন্তু দুদক ডেসটিনির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের জামিন বাতিলের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আগামি ১২ সেপ্টেম্বর আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
তারা গত ৬ আগস্ট ডেসটিনি গ্রুপের সভাপতি সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, ডেসটিনি ২০০০ লি. চেয়ারম্যান মো.হোসেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মো. গোফরানুল হক ও মোহাম্মদ সাঈদ উর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত হতে জামিন পান।
এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, মিসেস ফারাহ দীবা, মিসেস জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, মিসেস শিরিন আক্তার, মো. রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, মো. সুমন আলী খান, মো. সাইদুল ইসলাম খান (রুবেল), লে. কর্নেল দিদারুল আলম একই আদালত হতে জামিন পান।
গত ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি দায়ের করেছিলেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন