প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদে ১৫তম সংশোধনী পাস হয়েছে। কাউকে সাংবিধানিক অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না বলেই এটা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যার পর বিচার-প্রক্রিয়া থেমে যায়। পরবর্তী সরকারগুলো এ বিচার আর করেনি। তারা আটক অপরাধীদের ছেড়ে দেয় এবং নানাভাবে অপরাধীদের সাহায্য-সহযোগিতা করে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে মহাজোট ক্ষমতায় এসে বিচার শুরু করেছে এবং এ বিচার-প্রক্রিয়া চলবে।’
প্রধানমন্ত্রী এ অঞ্চলে তাঁর সরকারের আমলে করা বিভিন্ন উন্নয়নের বর্ণনা দেন।
তত্ত্বাবধায়ক সরকার বা আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট সফরে জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত তিস্তা সড়কসেতু উদ্বোধন করেন। এ ছাড়া সংস্কার করা বুড়িমারী-লালমনিরহাট রেললাইন ও লালমনিরহাট ডায়াবেটিক বহুতল হাসপাতাল ভবন উদ্বোধন এবং লালমনিরহাট নার্সিং কলেজ, কাকিনা মহীপুর দ্বিতীয় তিস্তা সড়কসেতু ও লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী-কুড়িগ্রাম দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন