![]() |
| আল-কায়েদার দ্বিতীয় প্রধান |
আরব উপদ্বীপ অঞ্চলে আল কায়েদার দ্বিতীয় প্রধান নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন এবং যুক্তরাষ্ট্র।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হচ্ছে দক্ষিণ ইয়েমেনে সামরিক বাহিনীর সাথে এক লড়াইয়ে সাইদ আলী আল শিহ্রি নিহত হন।
ওই অঞ্চলে ইসলামপন্থিদের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছিল দেশটির সামরিক বাহিনী।
এদিকে ভিন্ন এক খবরে বলা হচ্ছে আল শিহরি অন্য আরও ছয় ব্যক্তির সাথে মার্কিন চালকবিহীন ড্রোন বিমান হামলায় নিহত হয়েছেন।
ৎতার মৃত্যু সম্পর্কে আর কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
সৌদি নাগরিক সাইদ আলী আল শিহরি পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছ থেকে আমেরিকার সৈন্যদের হাতে ধরা পড়ার পর গুয়ানতানামো বে কারাগারে ছয় বছর বন্দী ছিলেন।
২০০৭ সালে সেখান থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশে সরকারের নেয়া জঙ্গি পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। তবে আল শিহ্রি পরে ইয়েমেনে চলে যান এবং আরব উপদ্বীপ অঞ্চলে আল কায়েদার সাথে যোগ দেন।
সেখানে আল কায়েদার হয়ে তিনি নতুন সদস্য সংগ্রহ আর সংগঠনের দ্বিতীয় প্রধান হিসেবে পশ্চিমাদের ওপর হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতেন। আর এ কারণে গুয়ানতানামো বে’র কারাগার থেকে বন্দিদের মুক্তির পর নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রশ্ন ওঠে।
এর আগেও তার মৃত্যু হয়েছে- এমন দাবি ইয়েমেন করেছিল এবং সে তথ্য পরে আর নিশ্চিত করা যায়নি। তবে এবার যদি তার মৃত্যুর ঘটনা সত্যি হয় তাহলে তা হবে আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের তৎপরতার এক গুরুত্বপূর্ণ ধাপ।
তবে তার দলের সবচেয়ে সক্রিয় সদস্য সৌদি নাগরিক ও বোমা নির্মাতা ইব্রাহিম আল আসিরি এখনো ধরা পড়েননি। সূত্র: বিবিসি।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন